ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ময়মনসিংহের আবদুস সাত্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ময়মনসিংহের আবদুস সাত্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আত্মসমর্পণ করেছেন। এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও আসামি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার ঘটনা ঘটলো।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আত্মসমর্পণ করলে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহের এমপি আব্দুল হান্নানও এ মামলার আসামি। ২০১৫ সালের ১৯ মে হান্নানসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান, শহরতলির গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীসহ মোট আটজনকে আসামি করা হয়।

অভিযোগে বলা, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয় সহায়তার লক্ষ্যে এম এ হান্নান ছিলেন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক। ফকরুজ্জামান ও গোলাম রব্বানী আলবদর বাহিনীর সশস্ত্র সদস্য হিসেবে হান্নানের সহযোগী ছিলেন।

 

/ইউআই/এসটি/