‘স্বাক্ষর নয়, জীবন দিয়ে পৈত্রিক সম্পত্তি রক্ষা করুন’

IMG_20170401_113007

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেছেন, ‘আপনি তো দেশকে পৈত্রিক সম্পত্তি ভাবেন। কোনও পৈত্রিক সম্পত্তি চুক্তি স্বাক্ষর করে নয়, জীবন দিয়ে রক্ষা করতে হয়। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি না করে জীবন দিয়ে হলেও আপনার পৈত্রিক সম্পত্তি রক্ষা করুন। সুতরাং দেশ বাঁচাতে হলে জীবন দেওয়ার জন্যও প্রস্তুত থাকা উচিত।’

শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে(ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে যুব জাগপা কর্তৃক আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশকে আক্রমণ করতে পারে এমন দেশ তো দেখি না। আমাদের তিন দিকে ভারত, একদিকে সাগর। তবে কি ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনও সম্ভাবনা আছে? যদি না থাকে তবে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কেন হচ্ছে। প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই, এখন তিস্তার পানি চুক্তি, সীমান্তে মানুষ হত্যা বন্ধের চুক্তি হতে পারে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কুমিল্লায় ধানের শীষের জয় হয়েছে। আবারও প্রমাণ হলো দেশে বিএনপির স্থান সবার ওপরে। কিন্তু বিএনপি সমর্থক জিতে তো শেখ হাসিনা ক্ষমতা ছাড়া হয়নি। আমাদের ওপর হামলা মামলা কমেনি।’

রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে জঙ্গিবাদের মোকাবিলা করতে হবে বলেও জানান গয়েশ্বর।

সংগঠনের সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি কষ্টা প্রমুখ।

 

/আরএআর/এসটি/