রবিবার (২ এপ্রিল) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের দ্বিতীয় দিনে জেনারেল অ্যাসেম্বলিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও টুভ্যালুকে সদস্যপদ দেওয়া হয়। আইপিইউ ১৩৬তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নতুন দুই সদস্য রাষ্ট্রসহ এবারের সম্মেলনে অংশ নেওয়া দেশের সংখ্যা হলো ১৩৪টি।
দুইটি দেশের মধ্যে পলিনেশিয়ান দ্বীপরাষ্ট্র টুভ্যালু আগে পরিচিত ছিল এলিস আইল্যান্ড নামে। অন্যদিকে, ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তরে চাঁদ, উত্তর-পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে ডিআর কঙ্গো, দক্ষিণ পশ্চিমে কঙ্গো এবং পশ্চিমে ক্যামেরুন অবস্থিত। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউতে বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ সালে সদস্য পদ লাভ করে।
বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১ এপ্রিল) পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউ’র বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
/ইএইচএস/