বিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। রবিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় দলটির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তবে অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার। এছাড়া লন্ডনে থাকায় তারেক রহমান ও ভারতে চিকিৎসাধীন থাকায় সালাউদ্দিন আহমেদও উপস্থিত হতে পারেননি।
চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির এ বৈঠকে ঢাকায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, বিএনপির সাংগঠনিক পরিস্থিতি, খালেদা জিয়ার আসন্ন লন্ডন সফর, আগামী রমজানের ঈদের পর দলীয় কর্মসূচীসহ চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা হবে।
এর আগে গত বছরের ১৭ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ৩য় সভা হয়। ওই সভায় গত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোয়ন দেওয়ার কথা জানায় দলটি।
/এসটিএস/এমএ/