‘শিশু মুক্তির ক্যাম্পেইনে’ শতভাগ সফলতার আশা সত্যার্থীর

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঝুঁকিপূর্ণ শ্রম ও পাচার থেকে শুরু করে সকল নির্যাতন থেকে রক্ষা করতেই বিশ্বের বেশ কয়েকটি দেশের সিভিল সোসাইটি নিয়ে ‘হানড্রেড মিলিয়ন ফর হানড্রেড মিলিয়ন’ ক্যাম্পেইনটির শতভাগ সফলতা আশা করছেন শান্তিতে নোবেল বিজয়ী ও শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে এই ক্যাম্পেইনের যাত্রা শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কৈলাশ সত্যার্থীসহ অন্যরা (ছবি: ফোকাস বাংলা)সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৈলাশ সত্যার্থী বলেন, ‘ক্যাম্পেইনটি শুরুর আগে অনেক গবেষণা হয়েছে এবং সুনির্দিষ্টভাবে সমস্যাগুলো বোঝার চেষ্টা করা হয়েছে এবং সমস্যা থেকে রেহাই পাবার প্রায় সব বিষয়গুলোকে কাজে লাগানোর চেষ্টাও করা হবে।’

কৈলাশ সত্যার্থী বলেন, ‘বর্তমান বিশ্বে ২৫ বছরের কম বয়সী মানুষ বা যুব সম্প্রদায়ের সংখ্যা প্রায় ৩০০ কোটি। যাদের বড় অংশই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অন্তর্ভুক্ত এবং তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এর মধ্যে ১০০ মিলিয়নের বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সঙ্গে জড়িত যার মধ্যে ৫ মিলিয়ন শ্রমদাস হিসেবে কাজ করছে, যার মধ্যে অন্যতম বাংলাদেশের শিশুরা।’

তিনি আরও বলেন, ‘এখনও বিশ্বব্যাপী ১০০ মিলিয়নের বেশি শিক্ষার্থী রয়ে গেছে স্কুলের বাইরে। গত ১০ বছরে ২ মিলিয়ন শিশু মারা গেছে যুদ্ধ-বিগ্রহ ও সহিংসতার কারণে। মেয়ে শিশু ও নারীর ওপর নির্যাতনের হারও বাড়ছে প্রতিনিয়ত। এসব বিবেচনায় আমাদের ক্যাম্পেইনে ১০টি দেশকে আমরা একত্রিত করেছি। সুবিধাবঞ্চিত ১০০ মিলিয়ন শিশু-কিশোর-যুবকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এই ক্যাম্পেইন।’ বাংলাদেশে গণস্বাক্ষরতা অভিযান এই ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় তিনি গণস্বাক্ষরতা অভিযানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এর আগে, গত ২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছিলো।

/আরএআর/এমও/