সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে পদ ফিরিয়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন মেয়রের আইনজীবী আব্দুল হালিম কাফী।
এর আগে রবিবার দীর্ঘ ২৭ মাস পর মেয়র পদে আসীন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিলেটের মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এরপর আরিফুলের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার সরকারের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে তিনদিনের রুল জারি করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম ক্বাফী।
/এমটি/ইউআই/টিএন/