অন্য দেশে হস্তক্ষেপ বন্ধে আইপিইউতে প্রস্তাব গৃহীত

আইপিইউ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানস্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বন্ধসহ ১৮ দফার চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

মঙ্গলবার আইপিইউ’র শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে খসড়া আকারে গ্রহণের পর বুধবার জেনারেল অ্যাসেম্বলিতে এটি গৃহীত হলো। এসময় অ্যাসেম্বলিতে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ইউনিয়নের শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে ৪৪-১০ ভোটে খসড়া প্রস্তাব গৃহীত হয়। এতে বেলজিয়াম ভোট দানে বিরত থাকে।

বাংলাদেশ, ভারত, চীনসহ ৪৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে জার্মানি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইউক্রেইন, ফিনল্যান্ড ও আইসল্যান্ড বিপক্ষে ভোট দেয়।

বুধবার সাধারণ অ্যাসেম্বলিতে পর্তুগালের প্রতিনিধি ১২ টি দেশের অবস্থান তুলে ধরে বলেন, আমরা অনেক ক্ষেত্রে এ ধরনের প্রস্তাব (স্বাধীন দেশের ওপর বহিরাগতদের হস্তক্ষেপ) গ্রহণ করতে পারছি না। মানবাধিকার একটি আন্তর্জাতিক বিষয় (মানবাধিকার লঙ্ঘিত হলে) একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা উচিত। তা নাহলে ক্ষুণ্ন হবে আন্তর্জাতিক সার্বভৌমত্ব।

এ প্রতিনিধি জানান, বেলজিয়াম, পর্তুগাল, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, সুইজারল্যান্ড, ইউক্রেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডসহ ১২টি দেশ একত্রিত হয়ে প্রস্তাবটির বিরোধিতা করছে।

বিরোধিতার সঙ্গে সঙ্গে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বলেন, ‘এ প্রস্তাবনা গৃহীত হয়েছে। যে ১২টি দেশের কথা বলা হয়েছে,তাদের অনেকেই এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। কিছু সমস্যা রয়েছে তাদের। আমি ব্যক্তিগতভাবে ফিনল্যান্ড ও জার্মানির প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তারা সবাই সব এজেন্ডার সঙ্গে একমত রয়েছে।’

/ইএইচএস/ এপিএইচ/

আরো পড়ুন: ‘ঢাকা ঘোষণা’ দিয়ে শেষ হলো আইপিইউ সম্মেলন