শনিবারের মধ্যে ট্যানারির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শেষ করতে না পারলে রবিবার দুপুরের মধ্যে কাজ শেষ করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল।
রবিবার দুপুরে আদালতে প্রতিবেদন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (৩০ মার্চ) এখানে কাজ করার কথা ছিল। কিন্তু লোকবল সংকটের কারণে করতে পারিনি। তবে বাসা-বাড়ির গ্যাস লাইন কাটা হচ্ছে না। কারখানার ভেতরে গিয়ে সেখান থেকে কাটা হচ্ছে। এই কার্যক্রম চলা পর্যন্ত নিরাপত্তার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।’
উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর হাজারীবাগের সব ট্যানারিতে (কারখানা) বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ চলছে। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করছেন। এই কাজে সাহায্য করছেন তিতাস ও ডিপিডিসির কর্মকর্তারা।
৩০ মার্চ এক আদেশে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ করতে বলেন আপিল বিভাগ। এরপর ট্যানারি কারখানাগুলোকে জরিমানা করে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন ও পরিবেশের ক্ষতি করায় ১৫৪ ট্যানারি মালিককে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা পরিশোধের আদেশ স্থগিতের বিষয়ে শুনানি গ্রহণ করবেন আদালত। আগামী এ বিষয়ে ৯ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
ছবি: নাসিরুল ইসলাম।
/জেএ/ইউআই/এসটি/
আরও পড়ুন:
হাজারীবাগে গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন
বাসা-বাড়ির নয়, শুধু কারখানার লাইন বিচ্ছিন্ন করা হবে