হাতিরঝিল থেকে পরিত্যক্ত বিলাসবহুল গাড়ি উদ্ধার

হাতিরঝিল থেকে উদ্ধার করা গাড়ি

শুল্ক গোয়েন্দা বিভাগ রাজধানীর হাতিরঝিল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার করেছে। সোমবার (১০ এপ্রিল) সকালে ওই গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছে, গাড়ির চাবি ভেতরে পাওয়া যায়। ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কিছু দিনে আমাদের ক্রমাগত অভিযানের কারণে এখন এমন ট্যাক্স ফ্রি গাড়ি চালানো সম্ভব না। তাই গাড়িটি মালিক রেখে গেছেন।’ তিনি জানান, গাড়িটি ২০১০ সালে বাংলাদেশে আনার পর এতদিন গ্যারেজ নম্বর দিয়ে চালানো হয়েছে। এর গ্যারেজ নম্বর ৫০৩/ম।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ফরিদা ইয়াসমিন নামে এক নারীর নামে গাড়িটি দেশে আনা হয়েছিল। হাতিরঝিলের মগবাজার সংলগ্ন মধুবাগ এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে।

/জেইউ/এআরআর/এসটি/