সুপ্রিম কোর্টের সামনের মূর্তি আমিও পছন্দ করিনি: প্রধানমন্ত্রী

মঙ্গলবার গণভবনে আলেমদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সামনে সম্প্রতি স্থাপন করা থেমিসের মূর্তি আমিও পছন্দ করিনি।’ মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণভবনে আলেমদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘থেমিসের মূর্তিতে আবার শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে।’ ইতোমধ্যে এই মূর্তি স্থাপনের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার কথা এগিয়েছে বলে জানান শেখ হাসিনা।


মঙ্গলবার গণভবনে আলেমদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

এ সময় জাতীয় উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণে সহযোগিতার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মীয় উপাসনালয় আলাদা জায়গায় সরিয়ে নেওয়া যায় না, এটা ঠিক নয়। তবে মসজিদ সরানোর জন্য নতুন করে কোনও আইন হচ্ছে না। ভূমি আইনে আগেও এটি ছিল।’

মসজিদ প্রসঙ্গে ১৯৮৪ সালে প্রথম ওমরাহ করতে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তখন মক্কা-মদিনায় অনেক ছোট ছোট মসজিদ ছিল, সেগুলো এখন নেই। মসজিদ নববী বিশাল আকারের মসজিদ।’

বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর মৃণাল হক। ডান হাতে নিচের দিকে ধরা একটি তলোয়ার আর বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়ানো নারী। এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন তা অপসারণের দাবি জানিয়ে আসছে।

/সিএ/ইউআই/জেএইচ/