বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, কখনও দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ শীর্ষক বই প্রকাশনা সংক্রান্ত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র্যাব তার দায়িত্ব পালন করেছে। পথভ্রষ্টদের ফিরিয়ে আনতে এই বইটি যথার্থই কাজ করবে। জঙ্গিবাদ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তাদের সচেতন হতে হবে।’
কোনও ধর্ম মানুষ হত্যার কথা বলে না উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীর কোনও ধর্মই মানুষ হত্যার কথা বলে না। আর ইসলাম হল শান্তির ধর্ম। এই ইসলামের নাম ব্যবহার করে উগ্রপন্থীরা অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে। এই বইটি অত্যন্ত সময়োপযোগী। যেখানে কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা রয়েছে।’
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, আইজিপি এ কে এম শহীদুল হক, শোলাকিয়ার ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজাল, সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সিসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আরজে/এমও/