সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার

High-Court-1_2সারাদেশের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ এপ্রিল) ফরিদপুর সদরপুর উপজলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিতের রুল নিষ্পত্তি করে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম সারাদেশে সব কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশের বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্ট বলেন, ‘সব কমিটির কার্যক্রমের ওপর নয়, আমরা কেবল রিটকারীর উপজেলার কমিটির বিষয়ে স্থগিতাদেশ দিয়েছি।’ এরপর আদালত স্থগিতাদেশ তুলে নেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম সাংবাদিকদের জানান, ২০১৭ সালের ১৯ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭০টি উপজেলা, জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কমিটির তালিকা প্রকাশ করা হয়। এরপর এক মুক্তিযোদ্ধা ফরিদপুর সদরপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত ও নিজেকে কমিটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।
ওই আবেদনের শুনানি নিয়ে আদালত চলতি বছরের ২৩ জানুয়ারি সব কমিটির কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা গাফ্ফার মিয়াকে কেন কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

/এমটি/জেএইচ/