বাংলা ট্রিবিউন বৈঠকি আজ

বাংরা ট্রিবিউন বৈঠকিগত ৬ মার্চ রাজধানীর হাজারীবাগের ট্যানারি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকরা আপিল করলে তা খারিজ হয়ে যায়। এরপর তারা আগামী ঈদুল আজহা পর্যন্ত সময় চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করেন। সেটিও খারিজ হয়ে যায়। অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশে ৮ এপ্রিল দিনব্যাপী হাজারীবাগের সবগুলো ট্যানারি কারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  করেছে বাংলাদেশ পরিবেশ অধিদফতর।

আদলতের নির্দেশে হাজারীবাগ এলাকা ট্যানারিমুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। ট্যানারি শিল্প চলে যাচ্ছে সাভারের হরিনবানন্দা এলাকায় ট্যানারি পল্লীতে। হাজারীবাগ থেকে ট্যানারি চলে যাওয়ার পর এই এলাকা কীভাবে ব্যবহৃত হবে যৌথভাবে সেই পরিকল্পনা তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। তবে ট্যানারি মুক্ত হলেও হাজারীবাগের দূষিত পরিবেশ কীভাবে স্বাভাবিক হবে সে প্রশ্ন জনমনে।

হাজারীবাগের বাতাসে উদ্ভট গন্ধ থাকবে আরও অনেকদিন। গন্ধ কবে নাগাদ পুরোপুরি দূর হবে তা জানেন না কেউ। পানি খাওয়া তো দূরের কথা দৈনন্দিন কাজেও ব্যবহার করা যায় না। এ এলাকার আসল মাটি খুঁজে পাওয়া দায়। মাটি খুড়লে স্তরের পর স্তর পাওয়া যায় গরু, মহিষ বা ছাগল ভেড়ার পরিত্যক্ত চামড়া, শিং, হাড়সহ উচ্ছিষ্টাংশ। কয়েক ফুট গভীরে মাটির দেখা মিললেও তাতে দেখা যায় না স্বাভাবিক রঙ। ছাই রঙের এসব মাটির স্বাভাবিক কর্মক্ষমতা নেই। এখানে কোনও গাছ জন্মায় না।

ট্যানারি সরেছে, দূষণ সরাবে কে? এমন বিষয় নিয়েই শনিবার (১৫ এপ্রিল)  বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকির আয়োজন করা হয়েছে। এদিন বেলা ১১টা  থেকে এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে। পরিবেশ অধিদফতর, ট্যানারি ওয়ার্কার অ্যাসোসিয়েশন, রাসায়নিক পর্দাথ আমদানিকারক, গবেষক, সাংবাদিকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন এই বৈঠকিতে।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com-এ।

সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সরোয়ার ইমতিয়াজ হাসমী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রেসিডেন্ট আবু নাসের খান, ট্যানারি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট  আবু কালাম আজাদ, আবদুর রব পাবলিক কলেজের শিক্ষক ও হাজারীবাগের অধিবাসী অমূল্য কুমার বৈদ্য, রাসায়নিক পদার্থ আমদানিকারক আহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার টেকনলজি বিভাগের পরিচালক আফতাব আলী ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

/সিএ/এসএনএইচ/