চলতি বছর ৮ লাখ টন চাল ও ৭ লাখ টন ধান কিনবে সরকার

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

চলতি বোরো মৌসুমে সরকার আট লাখ মেট্রিক টন চাল এবং সাত লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। ধান প্রতি কেজি ২৪ টাকা, চাল ৩৪ টাকা এবং গম ২৮ টাকা দরে কেনা হবে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। রবিবার সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ খাদ্য পরিধারণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল কেনা হবে। কৃষকদের অ্যাকাউন্টে তাদের ফসলের মূল্য পরিশোধ করা হবে। যাতে করে মধ্যস্বত্ব ভোগীরা লাভবান না হয়। বোরো ধান সংগ্রহ করা হবে ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। আর গম সংগ্রহ করা হবে ২৮ এপ্রিল ৩০ জুন পর্যন্ত।

তিনি আরও বলেন, ‘গতবারের প্রক্রিয়াতেই এবারও খাদ্যশস্য সংগ্রহ করা হবে। নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ফসলের যে ক্ষতি হয়েছে সেটা সাড়ে ৪ লাখ টনের মতো। কোনও কোনও অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে তাই এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’  

এবার বোরো ধান উৎপাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এক কোটি ৯১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন। ধানের আনুমানিক উৎপাদন খরচ ২২ টাকা, চালের ৩১ টাকা ও গমের ২৮ টাকা ধরা হয়েছে।

 /এসএমএ/এসটি/