মুজিবনগর দিবসে বঙ্গব্ন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ছবি- ফোকাস বাংলা)ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের (তৎকালীন কুষ্টিয়া জেলা) বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রবাসী সরকার প্রতিষ্ঠা করা হয়। পরে প্রবাসী সরকারের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে মন্ত্রীসভার সদস্য করে ওই সরকার গঠন করা হয়। এই নেতাদের সফল নেতৃত্বেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের বিজয় অর্জিত হয়। বাসস।
/টিআর/