শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দুই সাংবাদিকের ওপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের বিশ্ববিদ্যালয় ও দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির সময় এর প্রতিবাদ করায় ওই দুই সাংবাদিককে মারধর করে এসব ক্যাডার।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টিফোরের ফারুক মেহেদী ও এসএ টিভির মুস্তফা মনোয়ার সুজনের যৌথ পরিচালনায় মানববন্ধনের পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ছাত্রলীগে এখন অনেক অনুপ্রবেশকারী রয়েছে। যাদেরকে ‘হাইব্রিড’ ও ‘কাউয়া’ বলা হচ্ছে। এসব অনুপ্রবেশকারীরাই সংবাদ কর্মীদের ওপর হামলা করছে। তাদের কর্মকাণ্ডে সরকারের সুনাম ও ছাত্রলীগের ঐতিহ্য ম্লান হয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, যারা ছাত্রীকে যৌন হয়রানি করেছে তারা জাতির কুলাঙ্গার সন্তান। তারা দেশ ও নারীকে সম্মান করতে জানে না। এদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহানা শিউলি, নোয়াখালী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান, শাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আশরাফ কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মওদুদ আহম্মদ সুজন প্রমুখ।
/আরএআর/টিএন/