শ্রমিকদের অধিকার আদায়ে সরকার তৎপর ও গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আগে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমি তাদের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। এখন তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে মে দিবস পালন উপলক্ষে র্যালিতে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে শ্রমিক নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে আমি শুরু থেকে কাজ করছি। আগে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আন্দোলন সংগ্রাম করেছি। এখন তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকারের আমলে শ্রমিকরা নির্যাতনের শিকার হতেন। এখন সেই অবস্থা আর নেই। বর্তমানে শ্রমিকরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। তারা তাদের সঠিক মজুরি পাচ্ছে। কাজের সুষ্ঠু পরিবেশ পাচ্ছে। এসব আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক চেষ্টার ফসল।’
গার্মেন্টস শ্রমিকদের অনেকগুলো দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি গার্মেন্ট সেক্টরে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনা। তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা। ন্যায্য অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আমার নেতৃত্বে ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গড়ে তুলি। ওই সময় আন্দোলনের নামে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার যে জ্বালাও পড়াও করা হয়েছিল সেগুলো বন্ধ করেছি।’
এ সময় ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কাভার্ড ভ্যান চালক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদসহ প্রায় অর্ধশত শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক ও নেতা উপস্থিত ছিলেন।
ছবি: ফোকাস বাংলা
/আরএআর/এসটি/