সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য স্থাপনের বিরোধীদের সম্পর্কে ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করায় জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুস সাত্তারের পক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ নোটিশ পাঠান।
আইনজীবী তৈমুর আলম খন্দকার জানান, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে মঈনুদ্দিন বাদলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে বলা হয়েছে, জাতীয় ঈদগাঁওয়ের পাশে স্থাপিত মূর্তির যারা বিরোধিতা করে তাদের বানরের সঙ্গে তুলনা করা শিষ্ঠাচার বহির্ভূত, অপমানজনক। যা দেশের ৯২ ভাগ মুসলিম সমাজকে অপমান করেছে এবং এটা সংবিধান পরিপন্থী বক্তব্য, যা আইনত দণ্ডনীয়।
নোটিশে আরও বলা হয়, এ বক্তব্য দ্বারা দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন যার আইনগত ও সাংবিধানিক অধিকার আপনার নেই।
/ইউআই/এসটি/