জয়কে নিয়ে কোনও খোয়াব ভবন নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কোনও হাওয়া ভবন নেই, খাওয়া ভবনও নেই। এমনকি কোনও খোয়াব ভবনও নেই।’

রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ভিশন ২০২১, আমাদের ভিশন ২০৪১। এখন আমাদের দেখাদেখি পাল্টাপাল্টি লোক দেখানো একটা ভিশনের কথা শুনতে পাচ্ছি। সেটা নাকি ভিশন ২০৩০। এর লক্ষ্যটা কি? এর লক্ষ্যটা হচ্ছে হাওয়া ভবনের মতো আরেকটা খাওয়া ভবনের ভিশন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কিছু করলে সেটার পাল্টাপাল্টি কিছু করতে হবে। তাই এটাকে আমি বলবো, একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজি বাংলাদেশের লোক ভালোই বোঝে। ডিজিটাল বলতে বাংলাদেশের লোক জয়কে চেনে। এজন্য জয়কে তারা ভয় পায়, তার মেধাকে তারা ভয় পায়।’

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কর্মশালায় সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থাপনায় নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে, কনটেন্ট তৈরি করে দৈনন্দিন ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জনগণের সঙ্গে কার্যকরী দ্বিমুখী যোগাযোগ গড়ে তোলা যায়। এছাড়া অনলাইনে কিভাবে উপস্থিতি নিশ্চিত করা যায়, অ্যাকাউন্ট ভেরিফাইড করা যায়, অনলাইনে নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রিসোর্স ফান্ড হিসেবে এ কর্মশালা পরিচালনা করছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, সিআরআইএ এর সহকারী সমন্বয়ক প্রকৌশলী তন্ময় আহমেদ এবং পলিসি এনালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আগামী ৮ ও ৯ মে আরও ১০০ জন এমপিকে প্রশিক্ষণ দেওয়া হবে।

/পিএইচসি/এসটি/

আরও পড়ুন: শুধু কাজ করলে হবে না, মানুষকে জানাতে হবে: জয়