জ্বালানি তেলের দাম কমছে না: জ্বালানি প্রতিমন্ত্রী

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদএখনই দাম কমালে ঋণ করে জ্বালানি তেল আমদানি করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম আপাতত কমছে না।  দাম কমালে বাংলাদেশ প্রেটোলিয়াম করপোরেশন (বিপিসি) আবারও লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে। ঋণ করে জ্বালানি তেল আমদানি করতে হবে।’  রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে জ্বালানি তেলের মূল্যহ্রাসের সুফল সাধারণ জনগণ সরাসরি উপভোগ করতে পারে না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এ অবস্থায় জ্বালানি তেলের দাম কমানো হলে একদিকে বিপিসির সক্ষমতা অর্জন ব্যাহত হবে। অন্যদিকে এর গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে। ফলে সামগ্রিক বিবেচনায় আপাতত জ্বালানি তেলের দাম কমানো উচিত হবে না।’

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমান্বয়ে বাড়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে জ্বালানি তেলের মুল্যের উর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। পাশাপাশি ডলারের সঙ্গে টাকার বিনিময় হার প্রতিনিয়ত বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী অর্থ-বছর থেকে বিপিসি পুনরায় লোকসানের মুখে পড়তে পারে।’

রামপালবিরোধী ষড়যন্ত্রকারীরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন

সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রামপালবিরোধী ষড়যন্ত্রকারীরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। যারা রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করছেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত। এই বিরোধিতাকারীরাই একসময় পদ্মা সেতুরও বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন, পদ্মা সেতু হলে নাকি পিলারের কারণে ইলিশের প্রজনন নষ্ট হবে। কিন্তু আমরা এখন দেখছি ইলিশের প্রজনন বাড়ছে।’

প্রতিমন্ত্রী জানান, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতীয় কোম্পানির পক্ষে নরওয়ের অর্থ প্রত্যাহারের বিষয় নেই। এ রকম কোনও ঘটনায় এ বিদ্যুৎকেন্দ্র বাধাগ্রস্ত হবে না। প্রতিমন্ত্রী এ সময়ে উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

/ইএইচএস/এমএনএইচ/