পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে ১৫ মে থেকে অভিযান

পাটজাত পণ্য

পাট ব্যাগ ব্যবহারের পক্ষে এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী ১৫ মে থেকে সপ্তাহব্যাপী অভিযান শুরু হচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠুভাবে প্রতিপালন হচ্ছে কিনা, মনিটারিংয়ের জন্য এই অভিযান চলবে।

এই আইনে ১৭টি পণ্য-ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তাই এই আইন বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সড়ক পথ, জলপথ, স্থলবন্দর, মালামাল পরিবহনকারী যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানিকারক-রফতানিকারক প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান চলবে। স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সড়ক ও সেতু পরিবহন, নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‌্যাবের সহায়তায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।এটি নিয়মিত চলতে থাকবে।

অভিযানের পাশাপাশি সোনালী আঁশ পাটের উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহারকে উৎসাহিত ও জনপ্রিয় করতে ১৭টি পণ্যের পাটজাত মোড়কের ব্যবহার ও জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভা-সমাবেশ এবং পাটজাত পণ্য প্রদর্শনী অব্যাহত রাখা হবে।

রবিবার সচিবালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন সেক্টরে জড়িত সরকারি-বেসরকারি কর্মকর্তা ও নেতারা এক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । খবর বাসস।

/এসটি/