‘সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে চলবে না’

ভারী যানবাহন ও যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানদেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে নিজস্ব আয় বাড়াতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৯ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকারি অর্থ বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে চলবে না। সন্তোষজনক রাজস্ব আদায় করতে ব্যর্থ হলে ভবিষ্যতে অর্থ বরাদ্দে কঠোর হবে মন্ত্রণালয়।’
অনুষ্ঠানে বেলারুশ থেকে কেনা ভারী যানবাহন ও যন্ত্রপাতি তিন সিটি করপোরেশন ও ১১টি পৌরসভার মেয়রদের কাছে হস্তান্তর করেন মন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫টি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৩টি করে যন্ত্রপাতি বিতরণ করা হয়। এছাড়া ময়মনসিংহ ও ফরিদপুরে সাতটি করে, সাভার, নরসিংদী, ঘোড়াশাল, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া কোটালীপাড়া, পটুয়াখালী, বাউফলে চারটি করে এবং ভেদরগঞ্জ পৌরসভায় একটিসহ মোট ১৪৩টি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আরও জানানো হয়, শিগগিরই দেশের বাকি সিটি করপোরেশন ও পৌরসভায় এসব যন্ত্রপাতি বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘নাগরিক সুবিধা বড়াতে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে স্বয়ং-সম্পূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলারের যন্ত্রপাতি কেনা হয়েছে। বেলারুশের শিল্পমন্ত্রী ভিটালি ভভক (Vitaly Vovk) এর সফরের সময় আরও অতিরিক্ত ১৭ মিলিয়ন ডলারের যন্ত্রপাতি কিনতে সহযোগিতার কথা বলেছেন। এছাড়া আরও ১০০ মিলিয়ন ডলারের ঋণ সুবিধা দিতে বেলারুশের শিল্পমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে সবার জন্য একটি যুদ্ধ। পরিচ্ছন্ন ও স্বাস্থ্য-সম্মত নগরী গড়ে তুলতে এসব যন্ত্রপাতি বিশেষভাবে সহায়ক হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের জন্য এক হাজার ৩৯৫টি বিভিন্ন ধরণের ভারী যানবাহন ও যন্ত্রপাতি আমদানি করা হয়। এগুলোর মধ্যে লোডার, রোলার, এক্সেভেটর ও অন্যান্য যন্ত্রপাতি রয়েছে।

এসব ভারী যন্ত্রপাতি ও যানবাহনের মাধ্যমে দেশের সব এলাকার রাস্তা সংস্কার, স্কুল-কলেজ, শিল্প-কারখানা নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

/এসএমএ/

আরও পড়ুন