বুধবার (১০ মে) সন্ধ্যায় বনানীর নিজ বাসভবনে অনির্ধারিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘তারা যা বলেন, নিজেরাও তা মানেন না। এ ভিশন তারা নিজেরাও মানেন কিনা সন্দেহ রয়েছে।’ তাদের পক্ষে এ ভিশন বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা থাকে, যা নিজ নিজ দেশের সংবিধানে বলা রয়েছে। কাজেই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর যে প্রস্তাব তারা ‘ভিশন ২০৩০’-এ করেছেন তা বাস্তবসম্মত নয়।’
আরেক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির সামনে বিএনপির বিশেষ কোনও লক্ষ্য ছিল না। এ জন্যই তারা আমাদের প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০২১’কে অনুসরণ করেছেন। বাংলাদেশের ‘ভিশন ২০২১’ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, যা বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। ভিশন ২০২১ অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এর প্রশংসা করে নাইরোবিতে বক্তৃতা করেছেন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।’ ‘ভিশন ২০৩০’ ঘোষণা বিএনপি আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রথম পদক্ষেপ বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
/এসআই/এপিএইচ/