ফের পেছালো খালেদা জিয়ার গ্যাটকো মামলার শুনানি

খালেদা জিয়া

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। রবিবার তিনি শুনানির নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে নতুন দিন ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৭ ও ২০০৮ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।

গ্যাটকো মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন। খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ এ মামলার আসামি।

/এসআইটি/এসটি/