বিভিন্ন দূতাবাসের সামনের ফুটপাথ দখল করে ব্যারিকেড দেওয়ায় গাড়ি ও পথচারি চলাচলে অসুবিধা হওয়ায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
বৈঠকের পর রাষ্ট্রদূতদের পক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ভালো অঞ্চলে (নেইবারহুড) থাকতে চাই। কিন্তু এর জন্য আমাদের নিরাপত্তার বিষয়টি যেন দুর্বল না হয়ে পড়ে। আমাদের দূতাবাসে বিভিন্ন লোকজন ভিসা ও অন্যান্য কাজে আসে এবং আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্য চাই।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের জানানো হয়, বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়। কারণ দূতাবাসের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার বিষয়।
এদিকে বার্নিকাট পররাষ্ট্র সচিবের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা টিকফা মিটিং এবং সৌদি আরবের সন্ত্রাসবিরোধী জোট নিয়ে আলোচনা করেছি। আমি অত্যন্ত খুশি আমার (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হবে।’
আগামী ২১ মে রিয়াদে আরব-মুসলিম-যুক্তরাষ্ট্র শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনাসহ প্রায় ২০টি রাষ্ট্রের রাষ্ট্র প্রধান বা সরকার প্রধানরা অংশ নেবেন।
/এসএসজেড/ এআর/এসএনএইচ/