অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষক নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

 

জাতীয় সংসদ ভবনঅটিস্টিক শিশুদের জন্য  বিশেষায়িত শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সুনির্দিষ্ট কারিকুলাম প্রণয়নের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন অংশ নেন।

কমিটি আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বাজেট বাড়ানোর সুপারিশ করে। এছাড়া দুরারোগ্য লিভার সিরোসিস ও ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় রোগীদের  সমাজসেবা অধিদফতরের আর্থিক সহযোগিতার চেক স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিতরণের সুপারিশ করা হয়।

বৈঠক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার  আহ্বান জানানো হয়।

ইএইচএস/ এমএনএইচ/