জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থী নাজমুল হোসাইনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোয় ঘটনার ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদিরকে আবারও আগামী সোমবার হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পর এই নতুন দিন ধার্য করা হয়।
আদালতে ওসি বলেন, ঘটনার দিন তিনি এনাম মেডিক্যালে উপস্থিত ছিলেন না। তাই সেইদিন দায়িত্বে থাকা এসআই ও কনস্টেবলদের সঙ্গে নিয়ে হাজির হতে নির্দেশ দেন আদালত।
এর আগে ২৯ মে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়ার পাশাপাশি অসুস্থ নাজমুলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনে অসুস্থ হয়ে পড়া এক ছাত্রকে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি খবর ২৮ মে প্রকাশ হয় বাংলা ট্রিবিউনে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র। হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যালের অ্যাডমিশন বিভাগের কর্মকর্তা নাজমুল হোসেন। তবে চিকিৎসাধীন শিক্ষার্থীকে হাতকড়া পরানোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
প্রসঙ্গত, জাবি উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় নাজমুল হোসাইনসহ ৪২ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
/এমটি/ইউআই/এসটি/