জাপার এমপিকে ক্ষমা চাইতে বললেন মির্জা আজম

মির্জা আজম

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এজন্য তাকে ক্ষমা চাইতে বলেছেন প্রতিমন্ত্রী।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী ইমামউদ্দিন প্রামানিকের পক্ষে মাঈদুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মির্জা আজম একথা বলেন।

মাঈদুল এক সম্পূরক প্রশ্নে বলেন, ‘পাটকলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোর রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?’

এ প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, ‘মাননীয় সংসদ সদস্য অসত্য তথ্য উপস্থাপন করেছেন। ওনারা ক্ষমতায় থাকাকালে পাটকে ধ্বংস করেছেন। পাটকে বেসরকারিকরণের নামে সব জুট মিল বিক্রি করে দেওয়া হয়। পাট চাষিদের পেটে লাথি দিয়েছে। পাটের ঐতিহ্য ফিরে এসেছে এটা ওনাদের পছন্দ হয় না। এই অসত্য তথ্য উপস্থাপনের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন।’

এরপর জাতীয় পার্টির জিয়াউদ্দীন আহমদ বাবলু বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে পাটের বিকাশে চেষ্টা করেছে। সবচেয়ে বেশি পাট রফতানি হয়েছে এরশাদের সময়। বিএনপির সময়েই পাট শিল্প ধ্বংস করেছে, আদামজী বন্ধ করেছে। এসব তথ্য পাট মন্ত্রণালয়েই আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অসত্য তথ্য উপস্থাপনকারী প্রশ্ন কর্তা (মাঈদুল) তিনিও একসময় বিএনপির মন্ত্রী হিসেবে পাট মন্ত্রণালয়ে ছিলেন। এরশাদের সময় বেসরকারিকরণ করা হয়। বিএনপি আমলেই পাটকল ধ্বংস করা হয়েছে। প্রশ্নকর্তা নিজেই বিএনপি আমলে পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি অসত্য তথ্য দিচ্ছেন।’

/ইএইচএস/এসটি/