মোবাইল কোম্পানি গ্রামীণফোন তাদের লাভের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (৩১ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাৎ করে ১৯ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৭৯১ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৬ সালের মোট লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করে।
গ্রামীণফোন লিমিটেড গত ২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয়ের লক্ষ্যে প্রতিবছর লাভের নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করে আসছে।
গত চার বছরে তারা এ তহবিলে মোট ৭০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪২ টাকা প্রদান করেছে।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন, গ্রামীণফোনের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসেন এবং জিএম ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।
/এসআই/ এপিএইচ/