‘পলিটিশিয়ানরা নয়, দেশ চালান আমলারা’

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বত্রই দেশ চালান আমলারা। পলিটিশিয়ানরা দেশ চালান না। ’ এই মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াত আহমেদ। এর পর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এর পরপরই মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে মূল বক্তব্য রাখার অনুরোধ করেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এ সময় বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘দিবস উপলক্ষে টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আপনাদের কোনও প্রশ্ন থাকলে তার উত্তর দেবেন সচিব। আমি অন্য প্রসঙ্গে কথা বলি।’ এ সময় তিনি বলেন, ‘সুন্দরবনের ঘাসে লাগলো আগুন। আমরা কী লিখলাম (আমরা মানে আমরা তো সাংবাদিক) সুন্দরবন আগুনে পুড়ে গেছে। রাতেই খোঁজ নিলাম, সিএফও’র সঙ্গে কথা বললাম। সুন্দরবনের দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে কথা বললাম। পরে তো জানলাম, আসল ঘটনা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত একজন সাংবাদিক মন্ত্রীর কথা না শুনে তার লিখিত বক্তব্যের কপি পড়তে শুরু করলে, তিনি তাকে পড়া বন্ধ করার অনুরোধ করেন এবং বলেন, ‘ওটা তুমি কী পড়ছো? ওখানে তো সব মিথ্যা কথা লেখা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বেই দেশ চালান আমলারা, পলিটিশিয়ানরা নয়।’

এক পর্যায়ে বনমন্ত্রী বলেন, ‘যে দিবস উপলক্ষে এই আয়োজন, সেই আয়োজনে বিশ্বের কোনও দেশের সরকার প্রধান উপস্থিত থাকেন না। কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে সরকার প্রধান উপস্থিত থাকেন। কারণ, ওই অনুষ্ঠানে অর্থের চেয়ে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমার কোনও দালালি নয়। আমি কারও দালালি করছি না।’ আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এখন আর আমার কারও দালালি করার প্রয়োজন আছে বলেও মনে করি না।’

/এসআই/  এপিএইচ/