শুল্কমুক্ত সুবিধায় আনা আরও একটি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি অফিস। বৃহস্পতিবার বিকেলে সংস্থাটির একজন সাবেক কর্মকর্তার ব্যবহৃত গাড়িটি হস্তান্তর করা হয়। এর আগে ৩টি গাড়ি শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে বিশ্বব্যাংক। এবার চতুর্থ গাড়িটি হস্তান্তর করলো বিশ্বব্যাংক কর্তৃপক্ষ।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাড়িটি জমা দিয়েছেন। গাড়িটির ব্যবহারকারী ছিলেন মি. টমাস মাইকেল কায়ে। তিনি বিশ্বব্যাংক বাংলাদেশে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মি. টমাস মাইকেল কায়ে ২০১৬ সালে বাংলাদেশে এ্যাসাইমেন্ট শেষ করে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন।
তবে আইনানুযায়ী, তিনি বাংলাদেশ ত্যাগের পূর্বে ব্যবহৃত কাস্টমস পাশবুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যাননি।
হস্তান্তর করা গাড়িটি মি. টমাস মাইকেল কায়ে বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করেন। টয়োটা বিটজ গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ড. মইনুল খান বলেন, শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক তদন্তের আলোকে বিশ্বব্যাংক কান্ট্রি অফিস নিজেরাই গাড়িটির সন্ধান করে আজ (১ জুন) স্বেচ্ছায় জমা দিয়েছে। কাগজ পত্র যাচাইবাছাই করে গাড়িটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, শুল্ক গোয়েন্দা বাংলাদেশে বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত প্রিভিলেজড পার্সনদের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার সংক্রান্ত তদন্ত করছে।
/আরজে/টিএন/