নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫ নম্বর সেক্টরের একটি ডোবা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।
পুলিশ জানায়, ৬২টি এসএমজি, ৫১টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি ওয়াকিটকি, ২টি রকেটলঞ্চার, ৫৪টি গ্রেনেড, বিপুল পরিমাণ গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, ডেটোনেটর ও গুলি উদ্ধার করা হয়েছে। বিশেষভাবে মুড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে দড়ি দিয়ে এসব অস্ত্র গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, আর ডুবিয়ে রাখা হয়েছিল একটি ডোবায়।
পুলিশের আইজিপি শহীদুল হক জানান, শরিফুল নামের একজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কীভাবে এতো বিপুল পরিমাণ অস্ত্র এখানে এনে রাখা হলো সেব্যাপারে পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
তিনি জানান, গত মঙ্গলবার (৩০ মে) রাতে রূপগঞ্জ থানার এসআই শাজাহানের নেতৃত্বে একদল পুলিশ রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বগলা গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি এম সিক্সটিন রাইফেল উদ্ধার করা হয়। তবে শরিফুল সেখানে ছিল না। বৃহস্পতিবার সে তিনটি মাদক মামলায় হাজিরা দিতে আদালতে যায়। ফেরার সময় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বিপুল পরিমাণ অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ। রূপগঞ্জ উপশহরের ৩ নং সেক্টরের ব্লু সিটি এলাকায় মাটি কাটার যন্ত্র দিয়ে মাটি খনন করে দুটি এসএনজি উদ্ধার করা হয়।
পরে উপশহরের ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
৫ নম্বর সেক্টরের একটি ডোবা থেকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা একটি ব্যাগ দেখতে পায় পুলিশ। পরে পুলিশ ওই দড়ি টেনে একে একে আটটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলোর ভেতর বিশেষভাবে মোড়ানো ৬০টি এসএমজি পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পরে তল্লাশি চালিয়ে বাকি গোলাবারুদ উদ্ধার করে।
/এফএস/
আরও পড়ুন-