রাজধানীর ঢাকার রামপুরা ব্রিজ থেকে বনশ্রী হয়ে আমুলিয়া পর্যন্ত রাস্তায় ভারি যানবাহন চলাচলে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই রাস্তা দিয়ে ভারি যান চলাচলের ক্ষেত্রে বাধা প্রদান এবং রাস্তাটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার, রামপুরা থানার ওসি, খিলগাঁও থানার ওসিসহ সংশ্লিষ্ট ১১জনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জাহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রামপুরা বনশ্রীর স্থানীয় বাসিন্দা এ এফএম কামরুল হাসান খান পাঠান বাদী হয়ে রবিবার রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে আইনজীবী গোলাম সারোয়ার পায়েল সাংবাদিকদের জানান, ওজন নীতিমালা ২০১২ অনুযায়ী সিঙ্গেল এক্সেল রোডে সাড়ে পনের টন ওজনের বেশি ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া আছে। তারপরও ওই ওই নির্দেশনা অমান্য করে ভারি যানবাহন চলাচল করায় রাস্তাটির মধ্যে এখন বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের চরম অবহেলা ও তদারকির অভাবে এ রাস্তা দিয়ে চলছে ৩০-৪০ টন পণ্যবাহী লরি-ট্রেইলর। এতে রাস্তাটি নির্মাণের এক বছরের মধ্যেই ভেঙে তছনছ হয়ে গেছে।
/টিএন/