বুধবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশি হওয়া, পুরাতন এফ ২৮, ডিসি ১০–৩০ ও এ ৩১০–৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা, এসব বিমানের মেরামত, রক্ষণাবেক্ষণ, বিমানের ডেট সার্ভিসিং ব্যয় বৃদ্ধি এবং লিজ নেওয়া উড়োজাহাজের অর্থ পরিশোধের কারণে বিমান আগে লোকসানে ছিল।’
সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন জানান, ‘গত বছর পর্যটন খাত থেকে ৮০৭ কোটি ৩২ লাখ টাকা আয় হয়। আর ২০১৫ সালে এক হাজার ১৩৬ কোটি ৯ লাখ টাকা, ২০১৪ সালে এক হাজার ২২৭ কোটি ৩০ লাখ টাকা, ২০১৩ সালে ৯৪৯ কোটি ৫৬ লাখ টাকা, ২০১২ সালে ৮২৫ কোটি ৪০ লাখ টাকা, ২০১১ সালে ৬২০ কোটি ১৬ লাখ টাকা, ২০১০ সালে ৫৫৬ কোটি ২৯ কোটি টাকা এবং ২০০৯ সালে ৫৭৬ কোটি ২২ লাখ টাকা আয় হয়।’
বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ‘হাওর অঞ্চলে ছয়টি জেলায় স্বাভাবিক সময়ের তিন সপ্তাহ আগে পাহাড়ি ঢল আসায় অন্য বছরের তুলনায় অনেক বেশি ক্ষতি হয়েছে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশেরগঞ্জে মোট ছয় লাখ ২৩ হাজার ৩৭৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছয় জেলায় দুই লাখ ৪৯ হাজার ৮৬০ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল নয় লাখ ৬৪ হাজার মেট্রিক টন। সমপরিমাণ বোরো চাল জাতীয় উৎপাদন থেকে কম হবে।’
জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, ‘হাওর এলাকায় কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠতে আগামী রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচি নেবে কৃষি সম্প্রসারণ অধিদফতর। আগামী আমন ও বোরো মৌসুমে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।’
বিরোধী দলীয় সদস্য নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ‘গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে শহীদ সাতজন ভারতীয় সেনা সদস্যকে সম্মাননা স্মারক দিয়েছেন।’
আব্দুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল জানান, ‘যেসব মুক্তিযোদ্ধা আবেদন করেও হাইকোর্টের স্থগিতাদেশ এবং অন্যান্য প্রক্রিয়াগত কারণে এখনও সনদ পাননি কিন্তু এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের প্রকৃত উত্তরাধিকারী জাতীয় মু্ক্তিযোদ্ধা কাউন্সিলে অন লাইনে আবেদন করতে পারবেন। পরে মুক্তিযোদ্ধাদের উপজেলা পর্যায়ে গঠিত যাচাই বাছাই কমিটির মাধ্যমে যাচাই বাছাই কার্যক্রম গ্রহণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত্যুবরণকারী মক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধা বিবেচিত হলে তাদের ওয়ারিশ/সন্তানেরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।’
স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ণয়ে যাচাই বাছাইয়ের জন্য ৪৫৯টি উপজেলা কমিটি, পাবর্ত্য জেলাগুলোতে তিনটি জেলা কমিটি, আটটি মহানগর কমিটিসহ মোট ৪৭০টি যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে।’
সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, ‘বিদ্যমান ইটভাটার ৬৪ দশমিক ৮৫ শতাংশ আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটায় রূপান্তরিত হয়েছে। ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৫০৫টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৯৮ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। ২০১৪ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ২৮৫টি ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন কোটি ৪৫ লাখ টাকা আদায় হয়েছে।’
সরকারদলের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী জানান, ‘চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের এক হাজার ৫৫৩টি শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে।’
/ইএইচএস/এসএনএইচ/