জামিন পাচ্ছেন না এমপি রানা

এমপি রানামুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় (বহিষ্কৃত) সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন চার মাসের জন্য স্থগিতের আদেশ আবারও বহাল রেখেছেন আপিল বিভাগ। গত ৮ মে এমপির রানার জামিন চার মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলা ৬ মাসের জন্য নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার  আপিল বিভাগের আদেশ সংশোধন চেয়ে এমপি রানার আবেদনে সাড়া না দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৩ এপ্রিল এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না এই মর্মে রুলও জারি করেন আদালত। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর রহমান খান রানাকে গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

/ইউআই/এসএনএইচ/