‘আমি এই আইন বাতিল চাই’

গোলাম মোর্তোজা‘আমি বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী। ৫৭ ধারা বাংলাদেশের সংবিধান বিরোধী। আমি এ আইনটি বাতিল চাই। আমরা সুযোগ পেলে বিভিন্ন দেশের উদাহরণ দেই, ভারতেও এই আইনটি ছিল, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বিরোধী হওয়ায় ভারতের আদালত তা বাতিল করে দেয়। এ উদাহরণ বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিক। এ আইনটি কোনও সভ্য দেশের আইন হতে পারে না। ‘সোশ্যাল মিডিয়া ও কথা বলার স্বাধীনতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে এ কথা বলেন সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা।

তিনি আরও বলেন, ‘এ আইনটি এত ভয়ংকর যে একজন খুন করলে এরপর তাকে খুনি বললে আইনের আওতায় তার ৭ বছর জেল হবে। এ ধারাটি রেখে কোনও দেশ বলতে পারে না মত প্রকাশের স্বাধীনতা আছে। ’

এ সময় বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল প্রশ্ন করেন, ‘কেউ যদি হিট স্পিচ দেয়, সেটা তবে কিভাবে প্রতিরোধ করা যাবে। এর জবাবে গোলাম মোর্তোজা বলেন, ‘এটি একটি গবেষণার বিষয়। এ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে নানা ব্যবস্থা তৈরি হবে। তবে এজন্য ৫৭ ধারার দরকার নেই।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, আইনজীবী রুমীন ফারহানা, বিডি জবস সিইও ও তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষক সুমন রহমান, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বিশেষ এই বৈঠকির সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ। এছাড়াও ফেসবুকে লাইভ দেখা যাবে বাংলা ট্রিবিউন ফেসবুক পেইজে।  

/সিএ/এমডিপি/