ব্যাংক আমানতে কর নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান সরকারদলীয় এমপির

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন)ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য আবদুল মান্নান। সাধারণ মানুষের দাবির কথা উল্লেখ করে তিনি সোমবার (১২ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানান। এসময় তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে না। এখানে জেদ ধরার বিষয় নেই। আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে। মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। মানুষ এ শুল্ক চায় না। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে, এটা মাথায় রাখতে হবে।’
সংসদে আব্দুল মান্নান বলেন, ‘প্রায় সব সংসদ সদস্য বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংসদের বাইরেও এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আবগারি শুল্কের আগের পরিমাণ সহনীয় ছিল। মানুষ মনে করছে, বর্ধিত শুল্ক প্রত্যাহার করা উচিত। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। অনেকেই ব্যাংকে খোঁজ নিচ্ছেন, কত টাকা রাখলে কত টাকা ফেরত পাওয়া যাবে। বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার করে এই সংশয় দূর করতে হবে।’ সরকারি দলের এই সংসদ সদস্য খাতভিত্তিক ভ্যাট বাস্তবায়ন ও কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবিও জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আব্দুল মান্নান বলেন, ‘উনার আপার চেম্বারে কোনও না কোনও সমস্যা হয়েছে। আট বছর ক্ষমতায় থাকতে না পেরেই তার এ অবস্থা হয়েছে।’
আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরীও। তিনি বলেন, ‘সাধারণ মানুষ মনে করে বাজেট মানে কর বৃদ্ধি, দাম বৃদ্ধি। আর এত ভ্যাট-ট্যাক্স আরোপের পরও প্রস্তাবিত বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি রয়েছে।’ তিনি শিশু খাদ্যের ওপর সম্পূরক শুল্ক ও আমানতে আবগারি শুল্ক না বাড়ানো এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানান।
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠার পর চিকিৎসককে গ্রেফতারের প্রসঙ্গ টেনে সংসদে সরকারদলীয় সংসদ সদস্য আ ফ ম রুহুল হক বলেন, ‘শুধু অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেফতার করে হাতকড়া পরানো গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন।’ বিজ্ঞান খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।
অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সানজিদা খানম ই-কমার্স ও মেডিটেশনের ওপর থেকে কর প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন-

ব্রিটেন জয়ী 'তিন কন্যা'কে মন্ত্রিপরিষদের অভিনন্দন

শিক্ষা আইনের খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে: শিক্ষামন্ত্রী

/ইএইচএস/টিআর/