টানা বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে শতাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। বুধবার অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেন। এসময় স্পিকার সংসদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
স্পিকার ভূমি ধসে উদ্ধার কাজের সময় নিহত সেনা সদস্যদের জন্যও শোক প্রকাশ করেন। এছাড়া আহতদের প্রতি সমবেদনা এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
দুই দিনের টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড় ধসে হতাহত হয়েছেন বহু মানুষ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে চলছে ভারি বৃষ্টিপাত। পাহাড়ি ঢলে সোমবার রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে।
রাঙামাটির মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পের কাছে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ফের ধসে নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য।
/ইএইচএস/এসটি/