দুর্ঘটনার আগে পাহাড়বাসীদের জোর করে নেওয়া যায় না: মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছেবি)

পার্বত্য অঞ্চলে ভূমি ধসে শতাধিক মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দুর্ঘটনার আগে পাহাড়বাসীদের জোর করেও সরানো যায় না। তাই এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।

বুধবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে ১৪ দলের নেতাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিবছরই এমন পাহাড় ধসের ঘটনা ঘটছে। এবার ঘটনা বড়। নিরীহ পাহাড়ি মানুষদের মৃত্যু হয়েছে। এদের (পাহাড়বাসী) দুর্ঘটনার আগে পাহাড় ছেড়ে চলে যেতে বললে যায় না। জোর করেও নেওয়া যায় না। তারা তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে চায় না।  তবে, বাঙালি জাতি সাহসী জাতি। এরা যে কোনও দুর্যোগ মোকাবিলা করেছে। এটাও করবে।

মোহাম্মদ নাসিম বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে অনেক মানুষ মারা গেছেন। তাদের উদ্ধার করতে গিয়ে ২ কর্মকর্তাসহ ৫ সেনাসদস্যও নিহত হয়েছেন।  আমরা এতে ব্যথিত ও দুঃখিত। ইতিমধ্যে ত্রাণমন্ত্রীসহ অনেকে সেখানে গেছেন। উদ্ধার অভিযান চলছে। আমাদের ২০০ মেডিক্যাল টিমে ডাক্তার, নার্সরা কাজ করছে।

তিনি বলেন, কেউ দুর্যোগ নিয়ে রাজনীতি করে না। একজন নেত্রী প্রতিদিন যা হচ্ছে তার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। পাহাড় ধসে মানুষ মরার জন্যও আওয়ামী লীগকে দুষছেন। অথচ নিজেরা ক্ষমতায় থাকাকালে ঘূর্ণিঝড়ের সময় মানুষের জীবন রক্ষায় ও তাদের পাশে দাঁড়ানোয় ব্যর্থ হয়েছেন। এখন আমাদের দোষ ধরেন। প্রতিদিন ইফতারের আগে মিথ্যাচার করেন।

১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করছেন। সহায়ক সরকারের কথা বলছেন। পৃথিবীর কোথাও সহায়ক সরকার নেই। এই যে কিছুদিন আগে ব্রিটেনে নির্বাচন হয়েছে সেখানেও না। বাংলাদেশেও সংবিধানের আলোকে শেখ হাসিনার অধীনে যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা বিশ্বাস করি, সব দল এতে অংশ নেবে। সবাই ভোট দেবে। কোনও বিশেষ দলের জন্য নির্বাচন বসে থাকবে না।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে লক্ষ্য নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট ১৪ দল গঠন করা হয়েছে, সে লক্ষ্যে এই জোট এখনও কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ।

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) অ্যাডভোকেট এনামুল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান,  ওয়ার্কার্স পাটির আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

/ইএইচএস/টিএন/