জাতীয় ঈদগাহে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: সাঈদ খোকন

নগর ভবনে ডিএসসিসির সমন্বয় সভাআসন্ন ঈদুল ফিতরের প্রধান জামায়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। জাতীয় ঈদগাহে ঈদের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৫ জুন) নগর ভবনে আয়োজিত এক সমন্বয় সভা শেষে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।
সভা শেষে মেয়র বলেন, ‘আমরা মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। এজন্য ঢাকা মহানগর পুলিশ ও র্যাাব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় সবকিছু রাখা হয়েছে। ডিপিডিসি সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করবে।’
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে উল্লেখ করে সভায় জানানো হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সকাল ৯টায়। এসময় আরও জানানো হয়, জাতীয় ঈদগাহের প্রধান জামাতে একসঙ্গে ৮৪ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ৫ হাজার নারীও অংশ নিতে পারবেন এই জামাতে।
সভায় মেয়র সাঈদ খোকন জানান, জাতীয় ঈদগাহে মুসল্লিদের ওজু করার জায়গা ও মোবাইল টয়লেট রাখা হবে। মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে কাজ করবে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিক্যাল টিম। গাড়ি নিয়ে আসা মুসল্লিদের গাড়ি রাখার জায়গা থাকবে। প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
সভায় ডিএসসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালসহ সুপ্রিম কোর্ট, ঢাকা মহানগর পুলিশ, র্যা ব, ঢাকা ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, ডিপিডিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি এবং ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
/এসএস/টিআর/