বুধবার দেশের উদ্দেশে রওনা দেবেন মুসা ইব্রাহিম

মুসা ইব্রাহিমের ফেসবুক স্ট্যাটাস

হেলিকপ্টারের ভাড়া সংক্রান্ত জটিলতা মিটেছে এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমের। এ জটিলতার জন্য তার দেশে ফেরা নিয়ে সমস্যা হচ্ছিল। আজ মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানিয়েছেন। মুসা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি বাড়ি ফিরছি। তিমিকা পুলিশ আর হেলিকপ্টার কোম্পানির মধ্যস্থতায় সমস্যা মিটেছে। তাই আশা করছি ২২ জুন (বুধবার) তিমিকা থেকে দেশের উদ্দেশে রওনা দিতে পারবো...।’

ফেসবুক হেলিকপ্টারের পাইলটের সঙ্গে সোমবার (১৯ জুন) তোলা একটি ছবিও দিয়েছেন মুসা ইব্রাহিম। 

Screenshot_20170620-084645

উদ্ধারের পর থেকে হেলিকপ্টারের পাইলটের সঙ্গে ভাড়া নিয়ে জটিলতায় পড়েছিলেন তিনি। দুই দফা ব্যর্থ চেষ্টার পর সোমবার মুসা ও তার দুই সহ অভিযাত্রীকে কারস্টেনজ পিরামিড থেকে উদ্ধার করে নিয়ে আসে হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ান। কিন্তু এরপর ভাড়া বাবদ ১১ হাজার ডলার দাবি করে মুসাদের আটকে রাখে ইন্দোনেশিয়ার এই কোম্পানি। 

দুই সহ-অভিযাত্রীল সঙ্গে মুসা ইব্রাহিম

প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার জন্যে মুসা এবং ভারতীয় দুই এভারেস্ট বিজয়ী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কারস্টেনজ পিরামিড থেকে ফেরার পথে বেইজ ক্যাম্পে আটকা পড়েন। 

তাদের আটকা পড়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়। অতঃপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের উদ্ধারের প্রচেষ্টা করেন। মুসাদের উদ্ধারে ভূমিকা রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মূলত তার উদ্যোগের কারণে জাকার্তার বাংলাদেশ দূতাবাস সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জটিলতা নিরসন হয়।

 /ইউআই/এসটি/