নির্বাচনে না এলে খালেদার হাতেই বিএনপির মৃত্যু হবে: হাছান মাহমুদ

সংসদে হাসান মাহমুদআগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে বিএনপির মৃত্যু হবে বলে মন্তব্য করেছে সরকার দলীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গতবার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আইসিইউতে চলে গিয়েছিল। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির মৃত্যু হবে। আমরা চাই না  খালেদা জিয়ার হাতে বিএনপির মৃত্যু ঘটুক। আমরা চাই তারা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক।’

বুধবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তদন্ত হলে রহস্য বেরিয়ে আসবে। বিএনপিকে বলবো আয়নায় নিজেদের চেহারা দেখুন। সন্ত্রাসের রাজনীতি আপনারা করেন। একুশ অগাস্ট গ্রেনেড হামলা কারা করেছিলো? আহসান উল্লাহ মাসস্টার ও শাহ এ এম এস কিবরিয়াকে কে হত্যা করেছিল?’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গুনিয়ার ওপর দিয়ে রাঙামাটি যাচ্ছিলেন ভূমিধ্বসের এক সপ্তাহ পর। তারা ঢাকায় বসে বিবৃতি দিচ্ছিলেন। ঘটনার পরপরই আওয়ামী লীগ কাজ করছিল। আমরা যখন বললাম দুর্গত এলাকায় যান। তখন তারা এক সপ্তাহ পর গেলো। তাদের যাওয়ার কথা ছিল রাঙামাটি রোড হয়ে। পুলিশকে সেরকমই জানিয়েছিল। পরে তারা রুট পরিবর্তন করলে তা প্রশাসনকে জানায়নি। ইছাখালীতে তাদের গাড়ির ধাক্কায় দুজন আহত হন। সেখানে জটলা হয়। মানুষের ওপর দিয়ে গাড়ি চালাতে চান। তখন জনতা তাদের ওপর চড়াও হয়। ঘটনার পরপর তাদেরকে পুলিশ রাঙামাটি যাওয়ার জন্য নিরাপত্তা দিতে চায়। তারা না গিয়ে চট্টগ্রাম ফিরে প্রেস কনফারেন্স করে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘ঘটনার পরপরই আমাদের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছেন, নিন্দা জানিয়েছেন। এই নিন্দনীয় কাজ নিয়ে এখন আর রাজনীতি করবেন না।’

/ইএইচএস/এসএনএইচ/