গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় তিনটি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আইনজীবী একলাস উদ্দিন ভুঁইয়া। গত ২৯ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ ভারতীয় চ্যানেল বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ডিজিটালাইজেশনের এই যুগে বাস্তবতা নিয়ে চোখ বন্ধ রাখা সম্ভব না। তবে এমন কোনও অনুষ্ঠান দেখানো ঠিক নয়, যা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে ব্যাহত করে। এক্ষেত্রে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী একটি কমিটি করার বিধান রয়েছে। যেই কমিটির দায়িত্ব টেলিভিশন অনুষ্ঠানগুলো মনিটরিং করা।
আদালত আরও বলেছেন, কোনও অনুষ্ঠান সম্প্রচারের ফলে যদি ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হন বা সংক্ষুব্ধ হন, তবে তাকে সরকারের কাছে অভিযোগ করতে হবে। আইন অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ সরকারকে সাত দিনের মধ্যে নিস্পত্তি করতে হয়। কিন্তু রিটকারী সে ধরনের কোনও আবেদন করেননি।
/এমটি/এসএনএইচ/