সারোয়ার ওমানের ও নাজমুল সুইডেনের রাষ্ট্রদূত

(বাঁ থেকে) মো. নাজমুল ইসলাম ও মো. গোলাম সারোয়ারপররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. নাজমুল ইসলামকে সুইডেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর সুইডেনের বর্তমান রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে নিযুক্ত করা হয়েছে ওমানের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ ব্যাচের কর্মকর্তা নাজমুল ইসলাম ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ দেন। বর্তমানে কর্মরত আছেন মহাপরিচালক (প্রশাসন) হিসেবে। কূটনৈতিক জীবনে জেদ্দায় কনসাল জেনারেল ও বেইজিংয়ে কাউন্সিলর পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া কাজ করেছেন জাকার্তা ও লন্ডন মিশনে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
এদিকে ১০ম ব্যাচের কর্মকর্তা গোলাম সারোয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৯১ সালে। তিনি সুইডেনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন ছাড়াও জেদ্দায় কনসাল জেনারেল এবং ওয়াশিংটনে মিনিস্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া কর্মরত ছিলেন কাঠমান্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করা ছাড়াও উচ্চশিক্ষা লাভ করেছেন ওয়াশিংটন এবং জার্মানিতে।
/এসএসজেড/জেএইচ/