ষোড়শ সংশোধনী বাতিল জনগণের বিজয়: বিএনপি

বিএনপি

ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করাকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছে বিএনপি। সোমবার সকালে রায় ঘোষণা হওয়ার পর এক প্রেস ব্রিফিং এ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

তিনি, ‘এই সিদ্ধান্ত জনগণের বিজয়। সরকার বিচার বিভাগকে করায়াত্ত করার যে দূরভিসন্ধি করেছিল আজ সর্বোচ্চ আদালতে সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হলো। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে।’

রিজভী আরও বলেন, বর্তমান জাতীয় সংসদের যে কম্পোজিশন তাতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকলে সেখানে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে জাতীয় সংসদের মাধ্যমে ক্ষমতাসীন দলের আদালতের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের নিশ্চিত সম্ভাবনা দুরীভূত হলো।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক রবিবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর সমালোচনা করে তিনি আরও বলেন, ভোটারবিহীন সরকার তাদের জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন এবং কারান্তরীণ করে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবিও জানান তিনি।

/এসটিএস/সিএ/ইউআই/এসটি/