হলি আর্টিজান হামলা পরবর্তী সময়ে নিয়মিত জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার ফলে বাংলাদেশ সফলভাবে এত বড় পরিস্থিতি থেকে উত্তরণ করতে পেরেছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি বলেন, ‘ওই ঘটনার কারণে বিদেশিদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই দূর হয়েছে। হলি আর্টিজানে হামলার কারণে বাংলাদেশে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকে উত্তরণ ঘটেছে। বাংলাদেশ এখন নিরাপদ।’
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ২০ জনের মধ্যে জাপানি আর ইতালীয় নাগরিকই ছিলেন বেশি। এ প্রসঙ্গ টেনে আব্দুর রশীদ বলেন, ‘এগুলোর একটি দেশ আমাদের বাণিজ্য সহযোগী, আরেকটি দেশ উন্নয়ন সহযোগী। সরকারকে বিপাকে ফেলাই যে জঙ্গিদের লক্ষ্য ছিল এতেই তা পরিষ্কার।’
এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, হলি আর্টিজানে হামলায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, ‘হামলার পরে স্বজনদের অনুভূতি আমরা শুনেছি। সেখানে জঙ্গিরা পৈশাচিক তাণ্ডব চালিয়েছে। হামলার পর বাংলাদেশে নিরাপত্তার প্রচণ্ড চাপ তৈরি হয়। পড়েছিল মানসিক প্রভাবও। সবাই একটা ট্রমার মধ্যে ছিল। সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি জঙ্গিবিরোধী অভিযানের ফলে।
মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়াকে কীভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবহার করবো সেটা দেখা দরকার। হলি আর্টিজান নিয়ে অনুমাননির্ভর কোনও অবস্থানে যাওয়ার সুযোগ নেই। ’
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর নিয়ে বাংলা ট্রিবিউন বৈঠকি হচ্ছে। এর বিষয়বস্তু ‘হলি আর্টিজানের হামলা আমাদের যে শিক্ষা দিলো’। শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। সঞ্চালনা করছেন মুন্নী সাহা।
বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, হলি আর্টিজানে হামলায় নিহত এসি রবিউলের ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস, হলি আর্টিজানে আটকে পড়া ওই রেস্তোরাঁয় স্টাফ শিশির সরকার, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও অপরাধবিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু।
ফেসবুকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি দেখতে ক্লিক করুন নিচের লিংকে:
https://www.facebook.com/BanglaTribuneOnline/videos/828888530613215/
ছবি: নাসিরুল ইসলাম
/সিএ/জেএইচ/