তথ্যপ্রযুক্তি আইন ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমালুল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
শুক্রবার (৭ জুলাই) পিরোজপুরের এমপি রুস্তম আলীকে নিয়ে লেখা একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে মঠবাড়িয়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়।
ওই দিন মামলার বাদী ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রুস্তম আলী ফরাজী একজন সৎ মানুষ। আজমল হক হেলাল তার ফেসবুক ওয়ালে সংসদ সদস্য ফরাজীর বিরুদ্ধে মনগড়া স্ট্যাটাস দিয়েছেন। এ কারণে তিনি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা (নং-৬, তাং-০৬-০৭-২০১৭) করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ মামলা করতে তাকে সংসদ সদস্য ফরাজী আম মোক্তার নামা দিয়েছেন।’ ফরাজী কেন আপনাকে আমমোক্তারনামা দিলেন মামলা করার জন্য?—এমন প্রশ্নের জবাবে ফারুক হোসেন বলেন, ‘ডা. রুস্তম আলী ফরাজী একজন সংসদ সদস্য। তিনি সরাসরি মামলা করতে পারেন না বিধায় আমাকে দিয়ে মামলা করিয়েছেন।’ নিজেকে রুস্তম আলী ফরাজীর একজন অনুসারী বলেও দাবি করেন ফারুক হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার এসআই বিকাশ চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাদীর অভিযোগ ঠিক কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্সপার্টদের কাছেও পেইজটি পাঠানো হবে।’
/এমটি/ইউআই/এসটি/