চিকুনগুনিয়া নিয়ে গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে বলতে চাই— অহেতুক আতঙ্ক সৃষ্টি করবেন না। একটি সাধারণ ভাইরাস চিকুনগুনিয়া। এটাকে নিয়ন্ত্রণ করতে খুব বেশি সময় লাগে না।’
চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাজ না হলেও দায়িত্ববোধ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ রোগ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকুনগুনিয়া হচ্ছে একটি ভাইরাস। এডিস মশা থেকে এর উৎপত্তি হয়। এই এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের। এর দায়িত্ব কোনভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। তারপরও দায়িত্ববোধ থেকে আমরা চিকুনগুনিয়া নিরাময়ের জন্য চিকিৎসা ও সচেতনতা নিয়ে কাজ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
জ্বর হলেই চিকুনগুনিয়া মনে করে আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জ্বর হলেই জনগণের মধ্যে চিকুনগুনিয়ে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই উদ্বেগ সঠিক নয়। হাসপাতালের তথ্যমতে প্রতি ১১ জন জ্বরে আক্রান্তদের মধ্যে একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। ল্যাবটেরী পরীক্ষা করে দুই হাজার ৭০০ রোগীর মধ্যে এ পর্যন্ত ৬২৫ জনের চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকার বাইরে যে দু-এরজন রোগীর তথ্য পাওয়া গেছে তারা ঢাকা থেকেই আক্রান্ত হয়েছিল। এছাড়া ঢাকার বাইরে এ রোগে আক্রান্তের কোনও তথ্য পাওয়া যায়নি।’
মন্ত্রী চিকুনগুনিয়া রোধে গত কয়েকদিনে তার মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ তুল ধরেন। এ রোগের নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। এ ধরনের রোগ প্রতিরোধে যা যা করণীয় আমরা তা করবো। তবে স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পৌরসভাকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
/ইএইচএস/এসএমএ/