বুধবার (১২ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। অন্যদিকে, মওদুদ আহমদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন। জ্ঞাত আয় বর্হিভূতভাবে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে ব্যরিস্টার মওদুদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, সম্পদ বিবরণীতে মওদুদ আহমদ ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ব্যয় উল্লেখ করেননি। এর বিপরীত মওদুদ আহমদ দাবি করেন, সম্পদ বিবরণীতে এসব ব্যয় উল্লেখের বিধান নেই। এ যুক্তিতে মামলায় অভিযোগ গঠনের আগে ব্যয় খাত উল্লেখের বিষয়টি নিষ্পত্তি চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন তিনি। গত ৫ এপ্রিল সেই আবেদন খারিজ হয়। এর মধ্যে ২১ জুন ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।
এ অবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। আবেদনে ওই মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছিল।বুধবার সেই আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট।
/এমটি/এএম/টিএন/