বিএসএমএমইউ’র দেয়াল ধসে আহত নারীর মৃত্যু

বিএসএমএমইউ’র-দেয়াল-ধস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি পুরনো দেয়াল ধসের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইকে দেখতে এসেছিলেন। তার বাড়ি রাজধানীর নাখালপাড়ায়। এখনও চিকিৎসাধীন চারজন। তারা সবাই আশঙ্কামুক্ত।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালটির আইসিউতে মারা যায়। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত পারভীনের ভাই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভাইকে দেখতে সেখানে এসেছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে। তাকে আমরা জরুরি চিকিৎসা দিয়েছি। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়।’

পিজি-হাসপাতালের-দেয়াল-ধস

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘এই ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। অন্যরা হলেন, বিএসসি নার্সিংয়ের ছাত্রী আনতারা জাহান (২১), পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) জাহিদুল, আনসার সদস্য ওমর ফারুক এবং সাংবাদিক মিজানুর রহমান ও এক পথচারী। তবে পথচারীর নাম জানা যায়নি।

ওসি আবুল হাসান বলেন, গত কয়েকদিন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন হোটেল) বিপরীত দিকে মেইন রোডের ওই সাইটে সংস্কারের কাজ চলছিল। বৃষ্টির কারণে হঠাৎ করে ওই দেয়ালটি ভেঙে পড়েছে।

/এআরআর/টিএন/